শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:১৬, ৩ আগস্ট ২০২৬
সোনারগাঁ থানার বিশেষ অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ মোর্শেদা (৪২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোর্শেদা সোনারগাঁ উপজেলার ঝাউচর গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী।
রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার মতিন মিয়ার পশ্চিম ভিটার একটি টিনশেড ভবনের দক্ষিণ পাশের দ্বিতীয় কক্ষে অভিযান চালিয়ে মোর্শেদাকে গ্রেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ।
এ সময় তার হেফাজত থেকে একটি নীল রঙের এয়ার-টাইট জিপার ব্যাগের ভেতরে থাকা ওই ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শফি উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
প্রাথমিক যাচাই-বাছাইয়ে গ্রেপ্তারকৃত মোর্শেদার বিরুদ্ধে পূর্বে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।