শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২১, ৮ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ কর্তৃক শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত নামা মুসলিম পুরুষ (৩৮) এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা রুজু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সদর নৌ থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ সফিউল আলম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ হত্যা মামলা রুজু করে।
এর আগে গত ৩১ মে বন্দর থানার নবীগঞ্জস্থ নারায়ণগঞ্জ শীপ বিল্ডার্স এর সামনে শীতলক্ষ্যা নদী থেকে ভাসমান অবস্থায় ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, সদর নৌ থানা পুলিশ গত ৩১মে উল্লেখিত থানার ৫৫৭ নং জিডি মূলে সঙ্গীয় ফোর্স শীতলক্ষ্যা নদীতে টহল ডিউটি করাকালে বিকাল সাড়ে ৪টায় সংবাদ পায় বন্দর থানার নবীগঞ্জ নারায়ণগঞ্জ শীপ বিল্ডার্স এর সামনে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে নদীতে একটি অজ্ঞাতনামা লাশ ভাসছে।
ওই সময় উল্লেখিত পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে অজ্ঞাতনামা মুসলিম পুরুষ বয়স অনুমান ৩৮ বছর এর লাশ শীতলক্ষ্যা নদীর পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন ও ডোম রকির সহায়তায় উক্ত লাশ নদীর তীরে উঠাইয়া উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তীতে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সদর নৌ থানার উপ পরিদর্শক মোঃ সফিউল আলম আরো জানান, পরিচয় উদঘাটনের চেষ্টা করে তাৎক্ষনিক লাশের কোন পরিচয় পাওয়া যায় নাই। ময়না তদন্ত শেষে হাসপাতাল কর্তৃপক্ষ লাশ হস্তান্তর করিলে মৃতদেহটি অজ্ঞাতনামা হওয়ায় এবং আংশিক পচন ধরায় প্রশাসক, নারায়ণগঞ্জ কোড-সিটি কর্পোরেশন বরাবর আবেদন করা হয় এবং অনুমতিক্রমে গত ১লা জুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন পাঠানটুলী কবরস্থানে উক্ত লাশের দাফন কাফন সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অপমৃত্যু মামলা রুজু করলে মামলাটি তদন্তভার আমার উপর অপর্ণ করে। মামলাটি সুষ্ঠ ভাবে তদন্তকালে অপমৃত্যু মামলার ডিসিষ্ট অজ্ঞাতনামা মুসলিম পূরুষ (৩৮) এর ময়না তদন্ত রিপোর্ট প্রাপ্ত হইয়া উহ্য পর্যালোচনায় দেখা যায়, মৃত্যুর কারন সম্পর্কে মেডিকেল বোর্ড ও সিভিল সার্জন, নারায়ণগঞ্জ তাদের মতামতে উল্লেখ করেনঃ- ময়না তদন্তে মৃত্যুর কারণ-অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীগণ অজ্ঞাতনামা মুসলিম পূরুষ (৩৮)কে শ্বাসরোধ করে হত্যা করিয়াছে বলে প্রমানিত হয়।
এমতাবস্থায় অজ্ঞাতনামা বিবাদী/বিবাদীগণ গত ইং-৩১/০৫/২০২৬ তারিখ বিকাল অনুমান ৪টার পূর্বে যে কোন সময় অজ্ঞাত স্থানে অজ্ঞাত কারণে অজ্ঞাতনামা মুসলিম পূরুষ (৩৮) কে শ্বাসরোধ করে হত্যা করিয়া লাশ গুম করার উদ্দেশ্যে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় এবং নদীর পানির স্রোতে বন্দর থানাধীন নবীগঞ্জ নারায়ণগঞ্জ শীপ বিল্ডার্স এর সামনে শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ে নদীতে লাশ ভাষমান অবস্থায় পাওয়া যায়।