শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:৪৩, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৪৪, ১১ আগস্ট ২০২৬
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, রূপগঞ্জ থাকার কথা রূপে ভড়া অথচ এখানকার অবস্থা দেখে মনে হচ্ছে বিগত সময় কোন কাজই হয়নি। ফ্যাসিস্টরা লুটপাটে ব্যস্ত ছিলো অবৈধ ক্ষমতার পুরো সময়।
এসব এলাকার প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে ৫ জন মানুষের কাছে। আমরা ৫ লাখের পক্ষে কাজ করবো। ৫ জন থেকে খালের জমি উদ্ধার করতে যা যা করা প্রয়োজন তাই করবো।
আপনারা আমাদের সরকারের সাথে সহযোগিতা করুন। আগামী ২/৩ দিনের মধ্যে খাল উদ্ধারে কাজ শুরু করবো আপনাদের সাথে নিয়ে। এলাকায় যদি জলাবদ্ধতা সৃষ্টি হয় তাহলে এর প্রভাব সাধারণ মানুষের মাঝেই পড়বে। আমি দায়িত্ব নেওয়ার পরে লোক দেখানো কোনো কাজ করিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী খনন করা হবে। অনেক জায়গায় খালের উপর ইন্ডাস্ট্রিজ ঘরবাড়ি তোলা হয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করেছি।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন খাল পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া, রূপসী সুইসগেইট ও কর্নগোপসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আরও বলেন, বিগত স্বৈরাচারী সরকারের পরোক্ষ মদতে খাল গুলো দখল ও ভরাট হয়ে গিয়েছে। ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করার পরেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, যে যত শক্তিশালী হোক না কেন সরকারি নদী, নালা, খাল, বিল, জমি কেউ দখল করে রাখতে পারবে না।
বিগত ১৭ বছরের ঘানি যে দুর্নীতি চুরি হয়েছে এতে গ্যাস ও বিদ্যুৎ সহ প্রত্যেকটি সেক্টর শেষ হয়ে গেছে। আমাদের সরকারের মাত্র পাঁচ মাস হলো। কাজেই আমাদের সময় দেন আমরা কাজ করছি। অল্প দিনের ভিতরে আমাদের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা আমরা সমাধান করব ইনশাআল্লাহ।
এ সময় নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, রূপগঞ্জ আগে ৩০ হাজার মন ধান হতো এখন ধান হয় না । বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। বিগত ১৭ বছর ইচ্ছাকৃতভাবে পানিবন্দি করে রাখা হয়েছে। চেয়েছিল দখল করে রুপগঞ্জবাসী যাতে এই এলাকা ছেড়ে চলে যায় । আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমেই খাল গুলো পুনরুদ্ধার করে পানি সচল করার চেষ্টা করব।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মাহফুজুর রহমান, সদস্য সচিব বাচির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স প্রমুখ।