শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:০৬, ১১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০৯, ১১ আগস্ট ২০২৬
বন্দরে গ্যাস লিকেজ থেকে অগ্নিকান্ডে দগ্ধ একই পরিবারের তিন সদস্যই মারা গেছেন। সর্বশেষ মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুল ইসলাম (২৮)। এর আগে মারা যান তার স্ত্রী বিউটি আক্তার (২৪) ও আট বছরের ছেলে মারুফ।
সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিউটি আক্তার। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। আর শনিবার দুপুরে মৃত্যু হয় শিশু মারুফের। চিকিৎসকদের তথ্যমতে, বিস্ফোরণে তার শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল।
শুক্রবার ভোরে বন্দরের ২৭ নম্বর ওয়ার্ডের কুড়িপাড়া-চাপাতলী এলাকার সালাউদ্দিনের টিনশেডের ভাড়া বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্ত্রী ও সন্তানকে নিয়ে ওই বাড়ির একটি কক্ষে থাকতেন মাইদুল। তিনি প্রায় এক বছর আগে নাটোর থেকে কাজের সন্ধানে নারায়ণগঞ্জে আসেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে অগ্নিকান্ডের ঘটে থাকতে পারে। দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস জমে গিয়ে পরে আগুনের সংস্পর্শে বিস্ফোরণ ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।