শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:০৫, ১৩ আগস্ট ২০২৬
সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব-১১। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কাঁচপুর বালুরমাঠ এলাকার একটি ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। র্যাব-১১ (সিপিসি-১) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় একটি ছিনতাই ও মাদকের স্পট থেকে কয়েকজন লোক দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকা সংলগ্ন ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত বিদেশি অস্ত্রটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংস্থাটি আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র্যাবের এই জিরো টলারেন্স নীতি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।
র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত বলেন, ‘উদ্ধার হওয়া অস্ত্রটি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’