নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

পজেটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১০:৪০, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৪২, ১৪ আগস্ট ২০২৬

ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সোনারগাঁওয়ে শরীরচর্চা বিষয়ক সংগঠন ‘সোনারগাঁও রানার্স’-এর উদ্যোগে আয়োজিত একটি ম্যারাথনে অংশ নিয়ে টিপু সুলতান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ আগষ্ট) সকালে দৌড়ানোর সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ উদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (১৪ আগস্ট) সকাল ছয়টায় সোনারগাঁও উপজেলার পানামনগর আমিনপুর মাঠ থেকে সাড়ে সাত কিলোমিটারের ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’ নামের এই ম্যারাথন দৌড় শুরু হয়। 

প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় ৬০০ জন দৌড়বিদ অংশ নেন। দৌড়ের অর্ধেক পথ অতিক্রম করে বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে ইভেন্টের মেডিকেল টিমের সহায়তায় তাঁকে দ্রুত সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে মদনপুর আল বারাকা হাসপাতালে স্থানান্তর করা হয়। 

পরে আল বারাকা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, দৌড়ানোর সময় তীব্র শারীরিক চাপের কারণে তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন।

প্রতিযোগিতার প্রধান আয়োজক শিমুল ভূইয়া বলেন, দেশজুড়ে আসা দৌড়বিদদের সঙ্গে টিপু সুলতানও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আমাদের মেডিকেল টিম দ্রুত তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁকে বাঁচানো যায়নি। 

তাঁর এই আকস্মিক মৃত্যুতে পুরো আয়োজন স্থবির হয়ে পড়ে এবং আয়োজক কমিটি গভীরভাবে শোকাহত।এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। 

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে নিজের ব্যক্তিগত সহকারীর এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন ব্যবসায়ী আশরাফ উদ্দিন। এক শোকবার্তায় তিনি বলেন, টিপু কেবল আমার সহকারী ছিলেন না, তিনি অত্যন্ত বিশ্বস্ত ও পরিশ্রমী একজন মানুষ ছিলেন। তাঁর এই অকাল মৃত্যু অপূরণীয় ক্ষতি।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন