শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২৪, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:২৫, ১৪ আগস্ট ২০২৬
রূপগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে নাছিমা বেগম (৫২) নামে এক গৃহবধূকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর দেবর ও শশুর বাড়ির স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত নাসিমা বেগমের দেবর আলাল মিয়া, তার স্ত্রী জোসনা বেগম ও মেয়ের জামাই শাকিল মিয়া। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাছিমা ওই এলাকার বাবু মিজির স্ত্রী।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আমলাবো এলাকার বাবুল মীর তার জমিতে একটি বিল্ডিং নির্মাণ করছিলেন। ওই বিল্ডিংয়ের সীমানা নিয়ে আপন ভাই আলাল মিয়ার সাথে তার দ্বন্দ্ব হয়। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে তাদের মাঝে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ নিয়ে বাবুল মীরের স্ত্রী নাসিমা বেগমের সাথে দেবর আলাল মিয়ার সাথে বাক বিতন্ডা হয়।এক পর্যায়ে আলাল মিয়া, তার স্ত্রী জ্যোৎস্না বেগম,মেয়ের জামাই শাকিল মিয়া ও হাসানসহ ৫/৬ জন মিলে নাসিমা বেগমকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
পরে নাসিমা বেগমকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত্র ৯ টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচজনকে অভিযুক্ত করে রূপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।এই ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।