শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:৪০, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৪০, ১৫ আগস্ট ২০২৬
মোটরসাইকেলের ধাক্কায় আজিজুল হক (৮৫) নামে সোনালী ব্যাংকের সাবেক এক প্রিন্সিপাল অফিসার নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক ওই এলাকার মৃত হোসেন আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো নাস্তা শেষে চা পান করতে জালকুড়ি তালতলা এলাকার একটি দোকানের দিকে যাচ্ছিলেন আজিজুল হক। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ছেলে মো. আমিনুল হক বলেন, প্রতিদিনের মতো সকালে নাস্তা করার পর বাবা চা পান করতে দোকানে যাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রথমে তাকে খানপুর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আবেদনটি যাচাই-বাছাই করে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় দুর্ঘটনার কারণ ও মোটরসাইকেলটির চালকের বিষয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানা গেছে।