শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:২৪, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:২৭, ১৫ আগস্ট ২০২৬
ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় জসিম (২৪) নামে এক মাদক কারবারি উরুতে গুলিবিদ্ধ হয়েছেন।
এছাড়াও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই (নিরস্ত্র) মো. রফিক, এসআই (নিরস্ত্র) নন্দন চন্দ্র সরকার এবং কনস্টেবল রাশিদুল।
পরে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ গুলিবিদ্ধ জসিম ও তার এক সহযোগী মোহন (২৩) কে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জসিম ফতুল্লা থানার ইসদাইর এলাকার রেজ্জাকের ছেলে ও মোহন একই এলাকার আব্দুস সালামের ছেলে।
সন্ত্রাস ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৫ আগস্ট) ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এসময় তোলারাম কলেজ এলাকার আরবান স্কুলের সামনে মাদক কারবারিদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে এ ঘটনা ঘটে।
জানাগেছে, পুলিশ অভিযান চালিয়ে জসিম, মোহনসহ ৭-৮ জনকে গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে এসআই মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকার আট রাউন্ড গুলি ছোড়েন।
এতে একটি গুলি জসিমের উরুতে লাগে। এ সময় মাদক কারবারিদের হামলায় তিন পুলিশ সদস্যও আহত হন। পরে আহত ৩ পুলিশ সদস্যসহ গুলিবিদ্ধ জসিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, অভিযানের সময় অস্ত্রধারীরা পুলিশের ওপর গুলি চালায়। তবে গুলি পুলিশের গায়ে লাগেনি। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে মাদক কারবারি জসিম গুলিবিদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এন সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।