নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৪, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:০৬, ১৬ আগস্ট ২০২৬

রূপগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কমপক্ষে দশজনে আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই সংঘর্ষের ঘটনায় মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের সুরিয়াবো এলাকায় এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রূপগঞ্জের সুরিয়াবো কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি নিয়ে দীর্ঘদিন যাবত রউফ মিয়াদের সঙ্গে শরিফ মিয়াদের দ্বন্দ্ব চলছে। শনিবার এশারের নামাজের পর সেই দ্বন্দ্বের জের ধরেই দুই পক্ষের মাঝে প্রথমে তর্কবিতর্ক হয় এবং পরে তা ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। 

এক পর্যায়ে উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলায় রানী বেগম, মাসুদ মিয়া, রেজাউল, আবুল হোসেনসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছে বলে স্থানীয়রা সূত্রে জানা গেছে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থল থেকে মাজহারুল ইসলাম নামের একজনকে আটক করেছে। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয় পক্ষই অভিযোগ দিয়েছেন। তদন্ত মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন