শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৬, ১৭ আগস্ট ২০২৬
সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়ে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস এবং শিক্ষক-শিক্ষিকাদের জন্য মাইক্রোবাসের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক ও নগর উন্নয়ন চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের নিয়ে জেলার স্কুল-কলেজগুলোর বিভিন্ন সমস্যা সমাধানেও কাজ করা হবে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় এমপি মান্নান সিদ্ধিরগঞ্জে একটি ৫০ শয্যার হাসপাতাল অনুমোদন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জালকুড়ির হাসপাতালটি নতুন জায়গায় হবে নাকি পুরোনো জায়গায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় প্রয়োজন।
তিনি বলেন, প্রতিটি স্কুল ও ওয়ার্ডে একটি করে খেলার মাঠ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। সিদ্ধিরগঞ্জে কবরস্থানের জন্য জায়গা বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসকের কাছে ডিও লেটার পাঠানো হয়েছে। পাশাপাশি একটি ঈদগাহের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এমপি মান্নান বলেন, ক্ষমতায় আসার পর মাত্র পাঁচ মাস হয়েছে। দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করে সরকারের পক্ষ থেকে উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।
গ্যাস ও তেল সংকট প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময় দেশের গ্যাস-তেল নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার এসব সংকট মোকাবিলায় কাজ করছে। পর্যায়ক্রমে দেশের বিদ্যুৎ ও গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো সচল করার পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বৈধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
নতুন গ্যাসলাইন স্থাপনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে জনগণকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান সংসদ সদস্য।
শিক্ষার মান প্রসঙ্গে তিনি বলেন, বিগত সময়ে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারের ফলাফলে তার প্রভাব দেখা গেছে। তবে আগামীতে ফলাফল আরও ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সরকারি আদমজীনগর মার্চেন্ট ওয়ার্কার্স কলেজের উন্নয়ন প্রসঙ্গে এমপি মান্নান বলেন, কলেজ কর্তৃপক্ষ উন্নয়নের জন্য যেসব দাবি জানিয়েছে, সেগুলো পূরণের চেষ্টা করা হবে। কলেজটির উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি।
সরকারি মার্চেন্ট ওয়াকার্রস কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ছোলাইমান খন্দকার এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. শাখাওয়াত হোসেন খান, বিশেষ অথিতি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুলল ইসলাম রবি, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার প্রমুখ।