নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু : লাশ উদ্ধারে বাধা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:১০, ১৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু : লাশ উদ্ধারে বাধা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. ফয়সাল (৩৩) নামের এক যুবকের রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া আদমজী বিহারী ক্যাম্পের ৩ নম্বর গলি এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফয়সাল ওই এলাকার গফুর ভাণ্ডারীর ছেলে। স্থানীয়দের দাবি, ফয়সাল এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ফয়সাল নিজ টিনশেড ঘরের ভেতর গলায় ফাঁস দিয়েছেন এমন খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুর রহমান ঘটনাস্থলে যায়।

তবে সেখানে পৌঁছালে পরিবারের সদস্যরা অস্বাভাবিক আচরণ শুরু করেন। তারা কখনো হার্ট অ্যাটাক আবার কখনো ব্রেন স্ট্রোকে ফয়সালের মৃত্যু হয়েছে দাবি করে লাশ দেখতে অনীহা প্রকাশ করেন এবং পুলিশকে লাশ উদ্ধারে বাধা দেন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিবারের বাধা অতিক্রম করে মরদেহ হেফাজতে নেয়। প্রাথমিক সুরতহালে নিহতের গলায় রশি বা কাপড় পেঁচানোর সুস্পষ্ট দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত ফয়সাল বিহারী ক্যাম্প এলাকার মাদক কারবারি রমজানের ছোট ভাই। রমজান, ফয়সাল ও মোস্তাক এই তিন ভাইয়ের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ গেলে পরিবার লাশ দেখাতে বাধা দেয়, যা সন্দেহের সৃষ্টি করে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন