শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২১, ২১ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৫৯, ২১ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫০পিস ইয়াবাসহ আটকের পর হাতে হাতকড়া লাগানো অবস্থায় পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যাওয়ার ১০ ঘন্টা পর রাজু মিয়া নামের এক মাদক বিক্রেতাকে আবারও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর দেড়টায় পুলিশের হাতে কামড় দিয়ে পালিয়ে যায় এবং পরে রাত সাড়ে ১১টায় তাকে তার বাড়িতে অভিযান চালিয়ে আবারও গ্রেপ্তার করে পুলিশ।
অভিযান চালানোর সময় তার বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করে পুলিশ। তারা উভয়েই জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মৃত হোসেন আলির ছেলে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের একটি দল জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মো. রাজু মিয়াকে আটক করে পুলিশ। আটকের পর তার হাতে হাতকড়া পড়িয়ে ফাঁড়ির উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ।
পথিমধ্যে রাজু মিয়ার পরিবার ও স্থানীয় লোকজন মিলে রাজুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এক পর্যায়ে রাজু সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসির উদ্দীনের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তারা বাড়িতে অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেপ্তার করে। একই সাথে পুলিশ রাজুর বড় ভাই আক্তার হোসেনকেও গ্রেপ্তার করে।
এই বিষয়ে তালতলা বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, হাতকড়াসহ পালিয়ে যাওয়ার পর রাজুকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারে এবং পালিয়ে যেতে সহযোগিতা করার অপরাধে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক কারবারি দুই ভাইকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।