নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ফতুল্লায় ১২ মামলার আসামি কালা জসিম গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৮, ২২ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১২ মামলার আসামি কালা জসিম গ্রেপ্তার

ফতুল্লায় খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একাধিক মামলাসহ মোট ১২ মামলার আসামি জসিম ওরফে কালা জসিম (৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ফতুল্লা মডেল থানা এলাকার পূর্ব গোপালনগরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জসিম ওরফে কালা জসিম পূর্ব গোপালনগর এলাকার ফজর আলীর ছেলে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওয়াসিম খানের নেতৃত্বে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল পূর্ব গোপালনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জসিম ওরফে কালা জসিমের বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন