নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আদমজী ইপিজেডে দ্বিতীয় দিনেও অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ, আতঙ্কে কারখানায় ছুটি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:১৪, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৫, ২৩ আগস্ট ২০২৬

আদমজী ইপিজেডে দ্বিতীয় দিনেও অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ, আতঙ্কে কারখানায় ছুটি

সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় দ্বিতীয় দিনেও অর্ধশতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। কর্মরত শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, কারখানার ভেতরে ভূতের আনাগোনার প্রভাবে এমন কাণ্ড ঘটে চলেছে।

তবে বেপজা এবং কারখানাটির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন তারা পরিদর্শন করে তেমন কোনো বিষয়ের আন্দাজ করতে পারেননি।  রোববার (২৩ আগস্ট) সকালে শ্রমিকরা কর্মসংস্থানে যাওয়ার পর এমন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরআগে শনিবার (২২ আগষ্ট) দুপুর থেকে রাত পর্যন্ত ওই কারখানার নতুন ভবনের তৃতীয় এবং দ্বিতীয় তলায় কর্মরত শতাধিক নারী শ্রমিক একে একে অসুস্থ হয়ে পড়লে নির্ধারিত সময়ের আগেই কারখানা কর্তৃপক্ষ ছুটি দিয়ে দেয়। অসুস্থ শ্রমিকদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এঘটনার পর রবিবার সকালে পুনরায় শ্রমিকরা কারখানায় গেলে গতকাল শনিবারের মতোই পরিস্থিতি সৃষ্টি হয়। কর্মে ফিরে আজও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এমন কাণ্ডে আতঙ্কিত হয়ে শ্রমিকরা ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে পরিস্থিতি মোকাবিলায় কারখানা কর্তৃপক্ষ একদিনের সাধারণ ছুটির ঘোষণা দিয়েছে।

কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, রবিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে কাজ শুরু করার প্রস্তুতিকালে গতকালের মতো একে একে অজ্ঞান হয়ে পড়েন। আজও অন্তত ৫০ এর বেশি শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের তাৎক্ষণিক বেপজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আজকের জন্য কারখানা ছুটি দিয়ে দেওয়া হয়।

এরআগে গতকাল এক নারী শ্রমিক ভূতের উপস্থিতি লক্ষ্য করেন। ভূত দেখার পর ওই শ্রমিক ভিন্ন রকমের আচরণ শুরু করে অসুস্থ হয়ে যান। পরবর্তীতে ধীরে ধীরে আরও অনেক শ্রমিক অসুস্থ হলে আতঙ্ক সৃষ্টি হয়।

কারখানা কর্তৃপক্ষ ও বেপজা কর্মকর্তারা বলছেন, শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে অসুস্থতার প্রকৃত কারণ শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানার জিএম বিল্লাল হোসেন জানান, আজ প্রায় ৯০ শতাংশ শ্রমিক কাজে এসেছিল। অনাকাঙ্ক্ষিতভাবে আজও কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে আমরা আজকের জন্য অফিস ছুটি দিয়ে দিয়েছি।

শ্রমিকদের ভূত দেখার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, শ্রমিকরা অনেকে বলছে তারা ভূত দেখেছে। তাদের বলাতো আর বন্ধ করতে পারি না। কিন্তু আমরা যারা সচেতন মানুষ, তারা ভূতের বিষয়টা কীভাবে বিশ্বাস করি? পাশাপাশি অসুস্থ তো আর এক স্থানে হচ্ছে না, পুরো কারখানার কয়েক স্থানেই হয়েছে। 

এছাড়া পুরো ইপিজেডের ভেতর শুধুমাত্র আমরাই শ্রমিকদের আরামের ভাবনায় কারখানায় এসি লাগিয়েছি, যাতে গরমে সমস্যা না হয়। মূলত কী থেকে তারা অসুস্থ হচ্ছে সেটা আইডেন্টিফাই করা সম্ভব হয়নি।

আদমজী ইপিজেডের বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন  বলেন, কারখানাটিতে ইডি স্যারসহ সরেজমিনে পরিদর্শন করেছি। কারখানায় দমবন্ধ হয়ে যাওয়া কিংবা শ্বাসরোধ হওয়ার মতো তেমন কিছু চোখে পড়েনি।

শ্রমিকরা ভূতের কথা বলছেন, কিন্তু এটা সচেতনদের বোঝার বিষয়। আসলে এটার মূল কারণ নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। পরিস্থিতি বিবেচনায় আজ কারখানা বন্ধ রাখা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন