শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২০, ২৪ আগস্ট ২০২৬
রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ময়লার ভাগাড় অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার তারাব বিশ্বরোড এলাকায় ঘন্টাব্যাপী কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিশ্বরোড, তারাবো, বরাবসহ আশেপাশের এলাকা তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে স্থানীয় কয়েকশত ভুক্তভোগী নারী, পুরুষসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনবহুল এলাকার সড়কের পাশে অনিয়ন্ত্রিতভাবে ময়লা-আবর্জনা ফেলায় দুর্গন্ধ, মাছি-মশার উপদ্রব ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন আশপাশের বাসিন্দা ও পথচারীরা।
কর্মসূচিতে উপস্থিত জনগণ ক্ষোভ প্রকাশ করে জানান, তারাবো পৌর কর্তৃপক্ষ নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিভিন্ন ওয়ার্ডের ময়লা-আবর্জনা এই ব্যস্ততম মহাসড়কের পাশে ফেলে ময়লার ভাগার তৈরি করেছে। এরফলে আশে পাশের এলাকার মানুষ তীব্র গন্ধে অতীষ্ঠ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা, পথচারী, বাস যাত্রী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদেরকে এই চরম গন্ধের মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। লোকালয়ে ময়লার ভাগাড় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ তিন বৎসর যাবত এলাকাবাসী এই ভোগান্তি পোহাচ্ছে।
স্থানীয় বাসিন্দা আজহার উদ্দিন বলেন, ময়লার বিকট দুর্গন্ধে এবং মশা মাছির অত্যাচারে আমরা অতিষ্ট। দিন দিন ময়লার পরিমাণ আরও বাড়ছে। বাধ্য হয়ে আজ আমরা প্রতিবাদে নেমেছি। অতি দ্রুত এ ময়লার ভাগাড় অপসারণ করতে হবে।
মাজেদা বেগম বলেন, ময়লার দুর্গন্ধ অনেকেই অসুস্থ হয়ে পড়ার মতো পরিস্থিতিতে রয়েছি। দ্রুত ময়লা সরিয়ে নির্দিষ্ট ও দূরবর্তী স্থানে ফেলার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে তারাবো পৌরসভার সচিব শরিফুল ইসলাম টিটু গণমাধ্যমকে বলেন, ময়লা ফেলার জন্য ১ নং ওয়ার্ডের দেবৈই এলাকায় আমাদের একটি ডাম্পিং পয়েন্টের কাজ চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে সেখানেই ময়লা অপসারণ করা হবে।
তিনি আরও বলেন, আমি নিজেও একজন ভুক্তভুগী। এ রাস্তা দিয়ে আমিও চলাচল করি। মানুষের ভোগান্তি কমাতে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত সময়ের ভিতর এ সমস্যার সমাধান হবে।