নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১৬, ২৫ আগস্ট ২০২৬

সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে দীর্ঘ ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সম্পাদক পদে সুমা আক্তার, যুগ্ম-সম্পাদক পদে মো. মিয়াজউদ্দিন ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জহিরুল ইসলাম। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টা থেকে ভোট কার্যক্রম শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।

আয়োজনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কলেজের মার্কেটিংয়ের বিভাগীয় প্রধান ফায়েজ মোল্লা এবং কমিশনার হিসেবে হিসাব বিজ্ঞান বিভাগীয় প্রধান আমজাদ হোসেন ও গণিতের প্রভাষক শফিকুল ইসলাম দায়িত্ব পালন করেন। কলেজ শিক্ষক পরিষদ নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সভাপতি হন কলেজের অধ্যাপক হাফিজুর রহমান।

নির্বাচনে কলেজের মোট ৩৩ জন ভোটারের মধ্যে ২৭ জন শিক্ষক-শিক্ষিকা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সম্পাদক, যুগ্ম-সম্পাদক ও অর্থ-সম্পাদক এই তিনটি প্রধান পদের প্রতিটিতেই শতভাগ ভোট পেয়ে জয় অর্জন করেছেন বিজয়ী প্যানেলের প্রার্থীরা। 

ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে সুমা আক্তারের প্রতিদ্বন্দ্বী মো. তোফাজ্জল হোসেন তুষার, যুগ্ম-সম্পাদক পদে মো. মিয়াজউদ্দিনের প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান এবং অর্থ-সম্পাদক পদে মো. জহিরুল ইসলামের প্রতিদ্বন্দ্বী হিসেবে নাহিদুল ইসলাম নির্বাচন অংশ নিলেও তারা কোন ভোট পাননি। নির্বাচনে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

নির্বাচন কমিশনার সূত্রমতে, মহিলা বিষয়ক সম্পাদক পদে হোসনে আরা, ক্রীড়া সম্পাদক পদে তুষার উদ্দিন এবং সদস্য পদে শামসুল হক সামসুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। 

নব নির্বাচিত সাধারণ সম্পাদক সুমা আক্তার জানান, ১৮ বছর ধরে কলেজের সকল শিক্ষকের একটাই চাওয়া ছিল, আর তা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করা। সেই দীর্ঘদিনের প্রত্যাশা আজ পূরণ হয়েছে। আমাদের আগামী পথচলার মূল লক্ষ্য হবে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ও শিক্ষার মান উন্নয়ন করা। 

প্রধান নির্বাচন কমিশনার মো. ফায়েজ মোল্লা বলেন, অত্যন্ত অবাধ, সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশে এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩৪ জন ভোটের মধ্যে ২৭ জন স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন