শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১২, ২৭ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক থানাকে সম্পূর্ণ দালালমুক্ত করার ঘোষণা দিয়েছেন।
একই সঙ্গে তিনি মাদক, চুরি-ডাকাতি, দাঙ্গা-হাঙ্গামা, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানার হলরুমে উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ওসি মুহাম্মদ আব্দুল বারিক বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সরাসরি থানায় এসে সেবা পান, তা নিশ্চিত করা হবে। সোনারগাঁ থানায় কোনো দালালচক্রের স্থান হবে না। জনগণের আস্থা অর্জনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের সঙ্গে পুলিশ কাজ করবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ সমাজকে সচেতন করে এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করলে সমাজ থেকে অপরাধ অনেকাংশে নির্মূল করা সম্ভব। এ সময় তিনি অপরাধসংক্রান্ত সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, যানজট নিরসন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ তুলে ধরেন। নবাগত ওসি এসব পরামর্শ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে জনগণের সেবায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের আশ্বাস দেন।
সভায় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি এবং সোনারগাঁ থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।