শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫০, ২৯ আগস্ট ২০২৬
সোনারগাঁয়ের এক তরুণীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে এবং পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে রায়হান আহম্মেদ হৃদয় (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে।
এঘটনায় ভুক্তভোগী রায়হান আহম্মেদ হৃদয়কে প্রধান অভিযুক্ত করে চারজনের নামে থানায় মামলা করলে অভিযুক্ত রায়হান আহম্মেদ হৃদয় আত্নগোপনে চলে যায়। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার (এসআই) তার মামলার তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করেছেন।
মামলার নথি ও তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার বাদীনির সঙ্গে প্রধান অভিযুক্তের প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে অভিযোগ করা হয়েছে। বাদীনির অভিযোগ, বিয়ের কথা বলে অভিযুক্ত তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে তিনি সম্মতি না দিয়ে বারবার বিয়ের দাবি জানালে অভিযুক্ত বিভিন্নভাবে তাকে আশ্বস্ত করতে থাকেন।
অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর অভিযুক্ত তাকে বিয়ের কথা বলে বন্দর উপজেলার মদনপুর এলাকায় একটি বাড়িতে নিয়ে যান। সেখানে অপর কয়েকজনের সহযোগিতায় একজনকে কাজী হিসেবে এবং অন্যদের সাক্ষী হিসেবে উপস্থাপন করে বিয়ের আনুষ্ঠানিকতার নাটক সাজানো হয়। পরে ওই তরুণীকে অভিযুক্তের স্ত্রী হিসেবে বিশ্বাস স্থাপন করিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে বাদীনি সামাজিক ও আনুষ্ঠানিকভাবে সংসার শুরু করার কথা বললে অভিযুক্ত নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে ২০২০ সালের আগস্ট মাসে বাদীনি জানতে পারেন, অভিযুক্ত অন্যত্র বিয়ে করেছেন। এরপর তিনি কথিত বিয়ের কাবিননামা চাইলে অভিযুক্ত তাকে কোনো বিয়ে করেননি বলে জানান বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। অন্য অভিযুক্তরাও ওই বিয়ের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।
তদন্ত প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বাদীনির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তবে দ্বিতীয় ঘটনার প্রায় দুই মাস আগে তিনি পুনরায় যোগাযোগ করে ইসলামী শরিয়ত মোতাবেক পারিবারিকভাবে বিয়ে করে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন বলে অভিযোগ রয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০২৩ সালের ১০ অক্টোবর বিকেলে বিয়ের কথা বলে বাদীনিকে বন্দর থানার মদনপুর এলাকায় ডেকে নেওয়া হয়। পরে তাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অপর অভিযুক্তদের সহযোগিতার অভিযোগও রয়েছে।
তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের বক্তব্য গ্রহণ, বাদীনির মেডিকেল রিপোর্ট, মোবাইলের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য-উপাত্ত পর্যালোচনা করেন।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ ও তদন্তে প্রধান অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রধান অভিযুক্ত রায়হান আহম্মেদ হৃদয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০২০)-এর ৯(১) ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তবে মামলার অন্যান্য অভিযুক্তদের বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগগুলো আদালতে বিচারাধীন থাকায় আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত বলা যাচ্ছে না।
এই বিষয়ে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক জানান, আমি সপ্তাহ খানেক আগে থানায় যোগদান করি,আমি এই মামলাটির বিষয় জানি আদালতে মামলা হয়েছে,ওয়ারেন্ট ও বের হয়েছে, আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত হয়েছে।