নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩৫, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:১৮, ৩০ আগস্ট ২০২৬

বন্দরে যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে পুলিশ ও র‌্যাব-১১-এর পৃথক বিশেষ অভিযানে মাদক, ধর্ষণচেষ্টা মামলা, সাজাপ্রাপ্ত পরোয়ানা এবং পুলিশ আইনের আসামিসহ মোট ৭ জনকে  গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ দল দত্তবাড়ী বউবাজার এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে স্থানীয় আনোয়ার হোসেনের ২য় তলা ভবনের একটি কক্ষ থেকে ১০০ পিস ইয়াবা, ১০ পুড়িয়া হিরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ শান্তি বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে  গ্রেপ্তার করা হয়।

একই দিন রাতে মদনপুর উত্তর চাঁনপুর হেদায়েতপাড়া এলাকায় অন্য এক অভিযানে বাদীর ভাড়াকৃত বাসা থেকে স্থানীয়দের সহায়তায় ধর্ষণচেষ্টা মামলার আসামি মোঃ হৃদয় (৩৪)-কে  গ্রেপ্তার করেন এসআই ফজলুল হক।

এছাড়া বন্দর থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত ৩ জন আসামি—আপেল (২৯), মোঃ রমজান ও মোঃ মিন্টু মোল্লাকে  গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আইনে  গ্রেপ্তার করা হয়েছে মোঃ মাহিন (২৫) নামের আরও এক আসামিকে।

অন্যদিকে, পৃথক এক অভিযানে র‌্যাব-১১ বিপুল পরিমাণ মাদকসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। ৮ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম মোঃ তোফাজ্জল হোসেন ওরফে তারেক (৩২)।

বন্দর থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন জানান,  গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন