নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক

পজেটিব নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১০, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১১, ২ সেপ্টেম্বর ২০২৬

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনতাইকালে নারী আটক

বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় আসমা বেগম নামের এক নারীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বন্দর উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত ৫০ শয্যাবিশিষ্ট এই সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। আটককৃত আসমা বেগম কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনার চর এলাকার মো. মনিরের স্ত্রী।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে চিকিৎসাধীন এক রোগীর গলা থেকে কৌশলে চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত চত্বর থেকে সটে পড়ার চেষ্টা করেন আসমা বেগম। তাৎক্ষণিকভাবে বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে ধাওয়া করে হাসপাতাল প্রাঙ্গণেই কাবু করেন। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাজিউর রহমান জানান, হাসপাতালে আনসার সদস্য মোতায়েনের পর থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে।

তিনি বলেন, প্রায় দুই সপ্তাহ আগে এক যুবককে মাদকসহ আটক করেছিলেন আনসার সদস্যরা। আজ এক রোগীর চেইন ছিনতাইয়ের ঘটনায় এক নারীকে হাতেনাতে ধরা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যরা থাকায় রোগী ও তাদের স্বজনরা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ বোধ করছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন