নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

কৃষি অফিসের সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হলো

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:০০, ৪ সেপ্টেম্বর ২০২৬

কৃষি অফিসের সেবা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হলো

শিক্ষার্থীদের মাঝে সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘সরকারি দপ্তর অবহিতকরণ’ কর্মসূচির দ্বিতীয় দিনে উপজেলা কৃষি অফিসের সেবা সম্পর্কে অবহিত করা হয়েছে। বৃহস্পতিবার  সদর উপজেলা কৃষি অফিসে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের কৃষি অফিসের বিভিন্ন কার্যক্রম ও প্রদত্ত সেবা সম্পর্কে ধারণা প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মাহমুদা হাসনাত।

কৃষি অফিসার শিক্ষার্থীদের জানান, কৃষকদের বিনামূল্যে কৃষি পরামর্শ, উন্নত জাতের বীজ ও সার বিতরণ, মাটি পরীক্ষা, কীটনাশকের নিরাপদ ব্যবহার, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এবং সরকারি ভর্তুকি সংক্রান্ত সেবা কৃষি অফিস থেকে দেওয়া হয়। এছাড়া কৃষি ঋণ ও প্রশিক্ষণ প্রাপ্তির প্রক্রিয়াও তিনি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

সভায় শিক্ষার্থীরা কৃষি বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং কৃষি কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সেগুলোর উত্তর দেন। 

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “স্থানীয় শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টি, নাগরিক অধিকার ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে সঠিক ধারণা দেওয়া এবং সরকারি সেবা সহজীকরণের অংশ হিসেবেই এ উদ্যোগ। শিক্ষার্থীরা এখন থেকেই জানলে ভবিষ্যতে তারা সেবা গ্রহণে হয়রানির শিকার হবে না এবং কৃষি সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি হবে।”

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে উপজেলার স্বাস্থ্য, ভূমি, সমাজসেবা ও অন্যান্য সরকারি দপ্তর নিয়েও এ ধরনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন