নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ভিজিটিং কার্ড, লাঠি, মোবাইল ও পাজেরো জব্দ

ফতুল্লায় ডিজিএফআই পরিচয়ে অপহরণ : পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার, গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৬:৩০, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ডিজিএফআই পরিচয়ে অপহরণ : পাজেরো থেকে সিএনজি চালক উদ্ধার, গ্রেপ্তার ৩

ফতুল্লায় ডিজিএফআই সদস্য পরিচয়ে আলাউদ্দিন নামে এক সিএনজি চালককে অপহরণ, মারধর ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পাজেরো গাড়ি থেকে আহত অবস্থায় ওই সিএনজি চালককে উদ্ধার করা হয়েছে।  

গ্রেপ্তাররা হলো- মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনায় জড়িত আরও একজন অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে পালিয়ে যায়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের সংযোগস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পরে তাদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ড, একটি ভিভো মোবাইল ফোন, একটি পাজেরো জিপ গাড়ি ও একটি লাঠি উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আলাউদ্দিন (৩৮) নামের ওই সিএনজি চালক সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এ সময় একটি পুরোনো পাজেরো গাড়িতে কয়েকজন ব্যক্তি এসে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন। 

তাদের হাতে হ্যান্ডকাফ, ওয়াকিটকি ও লাঠি ছিল। একপর্যায়ে তারা আলাউদ্দিনকে সিএনজি থেকে নামতে বলেন। এতে তিনি রাজি না হলে অভিযুক্তরা লাঠি দিয়ে সিএনজির সামনের গ্লাস ভেঙে তাকে জোর করে পাজেরো গাড়িতে তুলে নেন । পরে বিভিন্ন স্থানে ঘোরানোর সময় তাকে মারধর করে মৃত্যুর ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। 

ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানার টহল পুলিশ অভিযান শুরু করে। পরে শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইঘর এলাকায় জেলা পাসপোর্ট অফিসের পাশে মৌচাকগামী ফিডার রোডের সংযোগস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাজারো থেকে অপহরণকৃত সিএনজি চালককে উদ্ধার করা হয়। 

ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজিএফআইয়ের ভুয়া পরিচয় দেয়া ও সিএনজি চালককে অপহরণের কারণে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন