শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৬:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ) রাতে উপজেলার কায়েত পাড়া ইউনিয়নের মালিয়াবো গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ব্যবসায়ী হাজী আব্দুর রশিদ মিয়া জানান, শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে ৮ থেকে ১০ জনের একদল মুখোশ পরা ডাকাত রামদা, চাপাতিসহ বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।
পরে গলায় ছুড়ি ধরে তাকে এবং স্ত্রী সাফিয়া বেগমকে বেঁধে ফেলে। এক পর্যায়ে পুত্রবধূ কনা বেগমকেও চোখ বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে চার ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
সাফিয়া বেগম ভয়ে চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাত অস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিলে তিনি চুপসে যায়। এ সময় ডাকাতরা পুরো ঘরের জিনিসপত্র ভেঙে লন্ডভন্ড করে ফেলে। পরে ডাকাতরা পরিবারের সকলকে বেঁধে রেখে লুট করে পালিয়ে যায়। এক পর্যায়ে আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হাত-পা বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতের ঘটনার বিষয় কেউ লিখিত অভিযোগ করেনি। তবে, সামাজিক যোগাযোগের মাধ্যমে এ ধরনের একটি ঘটনার ভিডিও আমরা পাই। ঘটনাটি চুরি না ডাকাতি তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।