শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৯, ৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৫, ৪ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুত্তা শ্রাবণ গ্রুপ ও নবী গ্রুপের সংঘর্ষ ও অস্ত্রের মহড়ার ঘটনায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- নাজমুল হোসেন (৩০), নিহাল মিয়া (২১), সাজ্জাদ হোসেন (২০) ও শফিকুল ইসলাম (২৪)। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার তারাবো বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ওই চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
এরআগে বৃহস্পতিবার গভীর রাতে এই দুই গ্রুপ ধাওয়া-পাল্টা ধাওয়া, অস্ত্রের মহড়াসহ ও সংঘর্ষে জড়ায়।
শুক্রবার রাত পৌনে ৯টায় নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান রূপগঞ্জ থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
তিনি বলেন, তারাবো বাজার এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরেই শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ গ্রুপের সঙ্গে নবী গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। কয়েকদিন পর পরই তারা নানা ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এছাড়া এলাকায় আতঙ্কে সৃষ্টি করে আসছে। শুক্রবার সন্ধ্যায় তারাবো বাজার এলাকায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নবী গ্রুপের ওই চারজনকে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।