শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:২৬, ৬ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলায় গ্রাম আদালত পরিচালনা ও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন।
উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার এবং জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম দ্রুততর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় নাগরিক সেবা সহজীকরণ এবং মামলা সংক্রান্ত জটিলতা পরিহারের লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম আরও ত্বরান্বিত করার জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।
এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে নাগরিক সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন ধরনের জটিলতা এড়াতে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করা এবং জন্ম-মৃত্যু নিবন্ধন সেবা আরও সহজ ও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন।