নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ প্রতিরোধে প্রশংসায় শহিদুল, বিতর্কে রবি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০১, ৬ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ প্রতিরোধে প্রশংসায় শহিদুল, বিতর্কে রবি

সিদ্ধিরগঞ্জে নাসিক ১ নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ায় সকলের প্রশংসায় ভাসছেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে এলাকার চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো কন্ঠে প্রতিবাদ করে তাদেরকে এলাকাছাড়া করায় সকলে প্রশংসা করছেন এবং এই ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

জানাগেছে, সিদ্ধিগঞ্জ পুল এলাকায় অতি সম্প্রতি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে সেই অবৈধ স্থাপনা পুনরায় চালু করার উদ্যোগ নেন ইতিমধ্যে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। 

নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবির সেল্টারে সালাউদ্দিন আহমেদ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় দোকান বসানোর জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলেন।

চাঁদাবাজ সালাউদ্দিনের এই অপকর্মের খবর পেয়ে সেখানে ছুটে আসেন ওই এলাকার বাসিন্দা মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম। 

তিনি এলাকাবাসীকে সাথে নিয়ে চাঁদাবাজ সালাউদ্দিনকে এলাকা থেকে তাড়িয়ে দেন এবং সালাউদ্দিনকে সেল্টার দেওয়া জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবিকে গালমন্দ করেন। উপস্থিত সকলে সহিদুলের প্রশংসা করেন এবং চাঁদাবাজির বিরুদ্ধে সহিদুলের পাশে তারা সব সময় আছেন বলে জানান।

স্থানীয়রা জানান, গত ২৬ এপ্রিল তারিখে চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগে সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর দলীয় সকল পদ থেকে তাকে বহিষ্কার করে বিএনপি।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও সড়ক দখল করে ভ্যানগাড়ি বসিয়ে চাঁদাবাজি করে আসছিলেন সালাউদ্দিন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তিনি সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের নাম ভাঙিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন। তার সঙ্গে এ কাজে সহযোগিতা করতেন তার ভাই কামাল এবং ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন মোশাররফ ওরফে কারেন্ট মোশাররফ। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও জানা গেছে।

গত ২৪ এপ্রিল আজিজুল হক নামে এক দোকানির কাছ থেকে চাঁদা না পেয়ে তাকে মারধর করা হয় এবং তার দোকান ভাঙচুর করা হয়। পরে ভুক্তভোগী আজিজুল হক সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানান, গত কিছুদিন আগে জামিনে মুক্তি পান চাঁদাবাজ সালাউদ্দিন এবং জেল থেকে বেরিয়েই পুনরায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চাঁদাবাজির চেষ্টা করতে থাকেন। এবার তাকে এ কাজে সহায়তা করছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী অভিযোগ করে বলেন, গত কিছুদিন আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

সেখানে আবারো টাকার বিনিময়ে দোকান বসানোর পায়তারা করছিলেন মনিরুল ইসলাম রবি এবং সালাউদ্দিন সিন্ডিকেট ইতিমধ্যে তারা অনেকের কাছ থেকে মোটা অংকের টাকাও হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে।

তারা বলেন, রবি এবং সালাউদ্দীনের এই অপতৎপরতা প্রতিরোধে এলাকাবাসীকে নিয়ে এগিয়ে এসেছেন যুবদল নেতা সহিদুল ইসলাম। রবিবার সকালে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই চাঁদাবাজ সিন্ডিকেটকে এলাকা ছাড়া করা হয় এবং ভবিষ্যতে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় চাঁদাবাজির চেষ্টা করলে আইনের হাতে তুলে দেয়া হবে বলে তাদেরকে হুশিয়ারি দেয়া হয়। এতে করে সিদ্ধিরগঞ্জের সাধারণ জনগণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা সহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকার চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজি প্রতিরোধে সকলকে নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আর কোনো চাঁদাবাজি হতে দেবো না। 

বিএনপির জনপ্রিয়তা নষ্ট করতে একটি মহল উঠে পড়ে লেগেছে।  আমরা ধানের শীষের জনপ্রিয়তা নষ্ট হতে দেবো না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদের প্রতিহত করবো এবং এলাকাবাসীকে শান্তিতে বসবাস করার পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করছি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন