শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:১৮, ৯ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে নাসিক ৩ নং ওয়ার্ডে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আমি এই জেলায় যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছি। আজকে আমাদের অপারেশনের চতুর্থ দিন। এই চতুর্থ দিন পর্যন্ত বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৫৬ জনের তথ্য পেয়েছি। আমাদের অভিযান এখনো শেষ হয়নি, অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং ও ছিনতাই—এই তিনটি অপরাধের মধ্যে পারস্পরিক যোগসূত্র রয়েছে। এ কারণে মাদককে নিয়ন্ত্রণে নিতে আমরা কাজ করছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে মাদকের কারণে ধ্বংস না হয়, সে জন্য মাদকসেবীদের আস্তানা ও স্পটগুলো চিহ্নিত করে ধ্বংস করা হচ্ছে। আমাদের টিম বিভিন্ন এলাকায় হানা দিচ্ছে।
পুলিশ সুপার আরও বলেন, পরবর্তী ধাপে আমরা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তালিকা তৈরি করেছি। মাদক ব্যবসায়ী ও ডিলারদের আইনের আওতায় আনা হবে। আপনাদের সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায়, মহল্লায় যাচ্ছি।
সাধারণ মানুষ আমাদের তথ্য দিচ্ছেন। সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের নিয়ন্ত্রণ করতে চাই। আমরা চাই মানুষের মনে স্বস্তি ফিরে আসুক।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি),এমদাদুল হক এবং সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।