শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪১, ৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:২৮, ৯ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জের আদমজী কদমতলী এলাকায় দীর্ঘদিনের বেহাল কবরস্থান সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর কাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন সড়কটি খানাখন্দে ভরা থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল বয়স্ক নারী-পুরুষ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের।
এলাকাবাসীর দূর্ভোগের কথা চিন্তা করে অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নেন।
সরেজমিনে দেখা যায়, কদমতলীর উত্তর ও দক্ষিণাংশের সংযোগস্থল এই সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াত করে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীকে অত্র এলাকার মরদেহ আদমজী বাজার ও পুরাতন থানা এলাকা ঘুরিয়ে কবরস্থানে নিয়ে যেতে হয়, যা এলাকাবাসীর জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে দাঁড়ায়। এ ধরনের ভোগান্তি থেকে মানুষকে মুক্তি দিতে এবং হালকা যানবাহন চলাচল সাময়িকভাবে সচল রাখতেই এই সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাকিবুর রহমান সাগর জানান, সড়কের দুই প্রান্তে ঢালাই থাকলেও মাঝের অংশ বাকি থাকায় এ উদ্যোগ নেওয়া হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান শিগগিরই বাজেট বরাদ্দ দিয়ে সড়কটি স্থায়ীভাবে আরসিসি ঢালাই করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় এখন তারা কিছুটা স্বস্তিতে চলাচল করতে পারবেন এবং সিটি কর্পোরেশনের স্থায়ী সংস্কারকাজ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন তারা।