শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৫, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৫ নম্বর ওয়ার্ড সচিব ও বন্দর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম রোমানের বিরুদ্ধে নাসিকের সংরক্ষিত ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সানিয়া সাউদের বাড়িতে ঢুকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
এ সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার সকালে নাসিকের বন্দর এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।
সাবেক কাউন্সিলর সানিয়া সাউদের অভিযোগ, এস এম রোমানসহ ৫-৬ জন তার বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে রোমান তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে তাকে আওয়ামী লীগের ‘দোসর’ বানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। এ সময় তাকে অশালীন ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করারও অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় এস এম রোমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দেওয়ার কথাও বলেন। এ ঘটনায় সাবেক কাউন্সিলর সানিয়া সাউদ ও তার স্বামী টিটু মিয়া নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রের দাবি, এস এ রোমানসহ কয়েকজনের এমন কর্মকাণ্ডে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে বিএনপির নাম ব্যবহার করে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়দের কেউ কেউ।
এদিকে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্দর এলাকায় এস এম রোমানের বিরুদ্ধে মাদক ব্যবসা এবং প্রভাব বিস্তার ও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগও ওঠে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে তার একাধিকবার বিরোধ ও মারামারির ঘটনাও ঘটেছে । কারণ সে এলাকায় পুলিশের ফোর্স হিসেবে কাজ করে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
সাবেক কাউন্সিলরের বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি, অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
তবে হুমকি ও অশালীন আচরণের অভিযোগের বিষয়ে এস এম রোমানের সাথে যোগাযোগ করেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।