শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে পাওয়ার হাউজ কাঠেরপুল এলাকার জরাজীর্ণ সেতুটি মেরামতের উদ্যোগ নিয়েছেন নারাযণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। খুব শিগগিরই সেতুটির মেরামতের কাজ শুরু হবে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সরেজমিনে সেতুটি পরিদর্শন করে প্রয়োজনীয় মাপজোক নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন রায়হান, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা বলেন, পাওয়ার হাউজ কাঠেরপুলের এই সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এর ফলে স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অধ্যাপক মামুন মাহমুদ ভাইয়ের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ মাপজোক নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, এলাকাবাসীর প্রয়োজন ও দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কাজটি দ্রুত সম্পন্ন করার চেষ্টা থাকবে। আমরা চাই, মানুষের চলাচলের পথ নিরাপদ ও স্বাভাবিক হোক।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সেতুটির বিভিন্ন অংশ জরাজীর্ণ থাকায় পথচারী ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। সেতুটির মেরামত দ্রুত সম্পন্ন হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তারা।