শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:১৮, ১১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২১, ১১ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে অভিযান চালিয়ে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশোধনের উদ্দেশ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির হাতে একটি পবিত্র কুরআন শরীফ তুলে দেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া ইউনিয়নের মেনীখালী ব্রিজের নিচে মাদক উদ্ধার ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে মো. জাহিদ হাসান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জের বন্দর থানার পুরাতন বন্দর এলাকার আব্দুল বাতেনের ছেলে।
পরে আটক জাহিদ হাসানকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মাদক থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য উৎসাহিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার হাতে একটি পবিত্র কুরআন শরীফ তুলে দেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।