শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৪২, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁয়ে সংবাদ প্রকাশের জের ধরে এক সাংবাদিককে ফোন করে ডেকে নিয়ে অগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরির আবেদন করেছেন সাংবাদিক সোলায়মান হাসান।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় কথিত বিএনপি নেতা শুকুর আলী ও তার ছেলে মাসুদকে ঘিরে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ ও যাচাই করে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক সোলায়মান হাসান।
পরবর্তীতে সংবাদ প্রকাশের জের ধরে শুকুর আলীকে বিএনপির জামপুর ইউনিয়ন শাখা থেকে বহিষ্কারের সংবাদও প্রকাশিত হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক সোলায়মান হাসানের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ০১৯১৭১৪৩৪৯৫ নম্বর থেকে তাকে ফোন করা হয়। ফোনে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের বিপরীত পাশে দেখা করার জন্য ডেকে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর মাসুদসহ ১০ থেকে ১২ জন লোক উপস্থিত ছিলেন বলে তিনি দাবি করেন।
অভিযোগে আরও বলা হয়, সেখানে সংবাদ প্রকাশের বিষয় নিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন ও চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে অগ্নেয়াস্ত্র প্রদর্শন করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ না করার জন্য সতর্ক করা হয়।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সাংবাদিক সোলায়মান হাসান। তার দাবি, অগ্নেয়াস্ত্র প্রদর্শন করে হুমকির ঘটনায় যেকোনো সময় তার ওপর হামলা বা প্রাণনাশের মতো ঘটনা ঘটতে পারে।
সোনারগাঁও থানায় দেওয়া আবেদনে তিনি ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের সাক্ষ্য গ্রহণ, তাকে ফোন করে ডেকে নেওয়া মোবাইল নম্বরের কললিস্ট ও প্রয়োজনীয় তথ্য যাচাইসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, “বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”