শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩০, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৩৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে নাসিক ৬ নং ওয়ার্ডের আইলপাড়া এলাকায় মাদক কারবারে বাধা দেওয়ায় কবির হোসেন নামের এক মুদি দোকানদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার অভিযোগ উঠেছে।
এই ঘটনার প্রতিবাদে ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে শত শত নারী-পুরুষ রাস্তায় নেমে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করেন।
এলাকাবাসীর অভিযোগ ও তথ্য সূত্রে জানা গেছে, আইলপাড়া এলাকার মতিন মিয়ার দুই ছেলে রাকিব (২৭) ও রিফাত (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় যুবলীগ নেতা মতিউর রহমান মতির অনুসারী হলেও গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর তারা ভোল্ট পাল্টে বিএনপির রাজনীতিতে ভিড়ে যায়।
বর্তমানে বিএনপি নেতা শাহআলম মানিক ও তার ভাই হানিফের ছত্রছায়ায় তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী কবির হোসেনের পরিবার ও এলাকাবাসী জানান, কবির হোসেন দীর্ঘ ২২ বছর প্রবাসে থেকে দেশে ফিরে আইলপাড়া এলাকায় একটি মুদি দোকান দিয়ে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
তার দোকানের সামনে রাকিব ও রিফাত প্রকাশ্যে মাদক বিক্রি করায় তিনি তাতে বাধা দেন। এর জেরে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে তাকে প্রকাশ্যে হুমকি দেয়। পরবর্তীতে রাকিব ও রিফাতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মুদি দোকানদার কবির হোসেন ও নিরপরাধ বাবুল মিয়াকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
বিক্ষোভকালে বাবুল মিয়ার স্ত্রী লিপি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর বিএনপি নেতা শাহআলম মানিক তার স্বামীকে মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করেছিলেন। পরবর্তীতে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকাবাসীর দাবি, বিএনপি নেতা শাহআলম মানিক ও তার ভাই হানিফের প্রত্যক্ষ ও পরোক্ষ শেল্টারে এই মাদক কারবারিরা এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে।
মাদক ব্যবসার প্রতিবাদ করায় নিরীহ ব্যবসায়ীদের মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। অবিলম্বে এই মাদক কারবারি ও তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী।