নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির

‘অন্তরে বন্দর’ সেবা চত্বর উদ্বোধন, আইন-শৃঙ্খলা ও জনসেবা বৃদ্ধির নির্দেশ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৩, ১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে ডিসি রায়হান কবির

নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক (ডিসি) মো. রায়হান কবির বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছেন। এ সময় তিনি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং সরকারের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের গতিশীলতা এবং মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে জেলা প্রশাসককে স্বাগত জানান বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)। 

সফরসূচির শুরুতেই জেলা প্রশাসক বন্দর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আগত সেবা প্রার্থীদের জন্য নবনির্মিত অপেক্ষার স্থান “অন্তরে বন্দর” এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি অসহায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এবং পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এরপর জেলা প্রশাসক বন্দর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও পরিদর্শন করেন এবং এরপর মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। উভয় ভূমি অফিস চত্বরেই তিনি বৃক্ষরোপণ করেন এবং ভূমি সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। 

সমগ্র পরিদর্শনকালে বন্দর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন