নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

নিষিদ্ধ ঘোষিত আ’লীগের নাশকতার প্রতিবাদে

সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের মোটরসাইকেল মহড়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:৫২, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৫৪, ১৯ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের মোটরসাইকেল মহড়া

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে সম্ভাব্য নাশকতার প্রতিবাদ ও তা প্রতিরোধের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে এক বিশাল মোটরসাইকেল মহড়া দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের অন্যতম শীর্ষ নেতা অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগর এবং যুবদল নেতা দুলালের যৌথ নেতৃত্বে এই প্রতিরোধ মহড়াটি অনুষ্ঠিত হয়। এতে শতাধিক মোটরসাইকেল নিয়ে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মহড়াটি শিমরাইল মোড় প্রদক্ষিণ করে আদমজী ইপিজেড নতুন রাস্তা, এস ডিপো এবং বান্দরীপুল হয়ে মহানগর যুবদল নেতা অ্যাডভোকেট রাকিবুল রহমান কাজলের কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

মহড়াকালে নেতৃবৃন্দ বলেন, লকডাউনের অশুভ অজুহাতে সিদ্ধিরগঞ্জসহ নারায়ণগঞ্জের কোথাও কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হলে তা শক্ত হাতে দমন করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদল রাজপথে সতর্ক অবস্থানে রয়েছে।

মহড়ায় স্থানীয় মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং রাজপথে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন