নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মসজিদে এশার নামাজের সিজদায় মুসল্লির মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:১৮, ২০ সেপ্টেম্বর ২০২৬

মসজিদে এশার নামাজের সিজদায় মুসল্লির মৃত্যু

মসজিদে এশার নামাজ আদায়ের সময় সিজদারত অবস্থায় মো. জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক মুসল্লি মৃত্যুবরণ করেছেন । রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ১০ মিনিটে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জ এমএল ঘোষাল রোড এলাকার নূরনবী জামে মসজিদে এশার নামাজের তৃতীয় সেজদায় থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত মো. জাহাঙ্গীর হোসেন খুলনা নিউ মার্কেট এলাকার মৃত আশ্রাফ আলীর ছেলে। তিনি বর্তমানে বন্দরের রূপালী আবাসিক এলাকার ওয়াসা গলিতে আলিনুর মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। পেশাগত জীবনে তিনি বেঙ্গল গ্রুপে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় মুসল্লিরা জানান, এশার নামাজের সময় তৃতীয় সেজদায় থাকা অবস্থায় জাহাঙ্গীর হোসেন আর উঠতে পারেননি। বিষয়টি বুঝতে পেরে মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় ও ঠিকানা জানার চেষ্টা করেন। পরে স্থানীয় মুসল্লি ও মসজিদ পঞ্চায়েত কমিটির সদস্যরা ব্যাপক অনুসন্ধান চালিয়ে তাঁর ঠিকানা শনাক্ত করেন।

পরবর্তীতে তাঁর আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা মসজিদে এসে মরদেহ শনাক্ত করে নিয়ে যান। এ সময় তাঁর বেঙ্গল গ্রুপের সহকর্মী এবং রূপালী আবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীর হোসেনের এভাবে নামাজরত অবস্থায় ইন্তেকালের ঘটনায় স্থানীয় মুসল্লি, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর শেষ পরিণতিকে আল্লাহর বিশেষ রহমত হিসেবে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

মৃত্যুর সময় তিনি আল্লাহর ঘরে, নামাজের সেজদারত অবস্থায় ছিলেন এমন মৃত্যু একজন মুমিনের জন্য আল্লাহর বিশেষ রহমত ও সৌভাগ্যের নিদর্শন হতে পারে বলে স্থানীয়রা মন্তব্য করেন। 
মহান আল্লাহ মরহুমের সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এই দোয়া করেন স্বজন, সহকর্মী ও এলাকাবাসী।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন