শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৩:৪২, ২১ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠ সংলগ্ন নতুন রাস্তায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, রাস্তার পাশে রাখা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
ঘটনাটি নাশকতা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, রাতের আঁধারে পার্কিং করা বাসে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।
এটি কোনো দুর্ঘটনা নাকি উদ্দেশ্যপ্রণোদিত নাশকতা, তা তদন্ত করে দেখা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।