শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৬, ২১ সেপ্টেম্বর ২০২৬
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, যারা সরকারি জমি দখল করে রেখেছে, তাদের কাছ থেকে পুনরুদ্ধার করা হবে।সরকারের এক পার্সেন্ট জমিও ছাড় দেওয়া হবে না।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমারসিবল পাম্প বিতরণ, পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, এ সরকার রাতের ভোটের সরকার নয়, এ সরকার গণতান্ত্রিক সরকার। তারেক রহমানের সরকার ১৮ কোটি মানুষের নির্বাচিত সরকার।
সরকারের ১ ইঞ্চি জমিও কোন দখলদারের আয়ত্বে থাকতে দেয়া হবে না। সরকারি জমি উদ্ধার করে আমরা জনগণের কাজে সরকারি কাজে ব্যবহার করব। ভূমি মন্ত্রণালয়ের দীর্ঘদিনের অনিয়ম ও কাজ করার অনীহা একদিনে ঠিক করা যাবে না। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন, একটি দল জান্নাতের টিকিট বিক্রি করতে চেয়েছিল কিন্তু বেচা হয়নি। এখন বাংলাদেশীদের দোযখের পথে নিতে চায়। দেশে যখন আমরা চেষ্টা করছি সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের উন্নতি সমৃদ্ধির জন্য কাজ করতে তখনই একাত্তরের পরাজিত শক্তি আবারো বাংলাদেশের নতুন করে অস্থিতিশীল অবস্থা তৈরি করতে চায়।
তারাবো পৌরসভা ও উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রুপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান হুমায়ুন, সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপনসহ রূপগঞ্জ থানা ও তারাবো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।