শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:০৯, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৪, ২২ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা এবং মাসে ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সদস্য সচিব সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
গ্রেপ্তারকৃত সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সাল সিদ্ধিরগঞ্জের ১০ নং ওয়ার্ডের বাগপাড়া এলাকার এলাকার শরিফুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে এলাকায় অবৈধ ডেজার ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদি এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির গোদনাইল ডিপোর ‘জেট-এ-১’ পয়েন্টের কর্মী মো. রফিকুল ইসলামের কাছে ১ জুলাই সকাল ১০টার দিকে হোয়াটসঅ্যাপে ফোন করে ২০ লাখ টাকা এককালীন ও মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন ফয়সাল। চাঁদা না দিলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ১ আগস্ট সকাল সোয়া ১১টার দিকে ডিপোর কর্মী রদবদলকে কেন্দ্র ফয়সাল, তার সহযোগী সজীব ভূঁইয়াসহ ১০-১২ জন সহযোগীকে নিয়ে জোরপূর্বক ডিপোতে প্রবেশ করেন। সেখানে তিনি পুনরায় চাঁদার টাকা দাবি করেন এবং না দিলে চাকরিতে বাধা দেওয়া ও মামলা করলে লাশ গুম করার হুমকি দেন। এছাড়া ও তারা নবনিযুক্ত কর্মীদের সেখান থেকে চলে যাওয়ার জন্যও হুমকি দেন।
এর আগে গত মার্চেও ফয়সালের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছিল। সে সময় সিদ্ধিরগঞ্জের দেলোয়ার হোসেন ভূঁইয়া সংবাদমাধ্যমকে দাবি করেছিলেন, ফয়সাল ও তার সহযোগীরা তাদের ড্রেজার ব্যবসা থেকে চাঁদা দাবি করে আসছিলেন। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চাঁদাবাজি মামলায় সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে।