শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৭, ২২ সেপ্টেম্বর ২০২৬
সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান ভূঁইয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি...........রাজেউন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বার্ধক্যজনিত জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।
সাদেকুর রহমান সোনারগাঁ পৌরসভার গোয়ালদী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় রাজনীতি, জনপ্রতিনিধিত্ব ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সোনারগাঁয়ের রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী অঙ্গনে শোক নেমে এসেছে।
জানাগেছে, সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার আগে তিনি আমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১০ সালের পৌরসভা নির্বাচনে সাদেকুর রহমান মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালের নির্বাচনেও জয়ী হয়ে টানা দ্বিতীয়বারের মতো সোনারগাঁ পৌরসভার মেয়রের দায়িত্ব নেন।
দুই মেয়াদে মেয়রের দায়িত্ব পালনের পর তাঁর নেতৃত্বাধীন পৌর পরিষদের মেয়াদ শেষ হয়। পরবর্তী সময়ে নির্বাচন না হওয়ায় ২০২২ সালে পৌর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।
জনপ্রতিনিধিত্বের পাশাপাশি ব্যবসায়ী সংগঠনের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন সাদেকুর রহমান। তিনি বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি ও সোনারগাঁ জি আর ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।