নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

মসজিদে কুরআন অবমাননা : সিসিটিভি ফুটেজ দেখে যুবক গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৪৪, ২২ সেপ্টেম্বর ২০২৬

মসজিদে কুরআন অবমাননা : সিসিটিভি ফুটেজ দেখে যুবক গ্রেপ্তার

সোনারগাঁয়ে একটি জামে মসজিদে ঢুকে পবিত্র কুরআন অবমাননা করার অভিযোগে ইয়া নবী (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বরাব পশ্চিম পাড়া হাজী আব্দুর রহমান জামে মসজিদে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার ইয়া নবী ওই এলাকার মঞ্জু মিয়ার ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে অশালীন পোশাকে অভিযুক্ত যুবক মসজিদে প্রবেশ করেন। পরে মসজিদের ক্যাশিয়ার ওমর ফারুক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে গিয়ে দেখতে পান অভিযুক্ত ব্যক্তি তাক থেকে পবিত্র কুরআন নামিয়ে মেঝেতে ফেলে দেন এবং তার ওপর দাঁড়ান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা ইয়া নবীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনাটি অস্বীকার করেন। পরে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সুস্পষ্ট সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় দণ্ডবিধির (পেনাল কোড) ২৯৫ ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নম্বর: ৫৮) রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন