শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে অষ্টম শ্রেণী ছাত্রীকে অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর পিতা জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৪ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৫২(৯)২৬।
এ ঘটনায় স্থানীয় জনতা মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে অপহরন মামলার ২নং আসামী গোলাম হোসেন (৫৫)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। আটককৃত গোলাম হোসেন বন্দর উপজেলার কেওঢালা এলাকার মৃত হামিদ আলী ছেলে। পুলিশ ধৃতকে ওই দিন উল্লেখিত মামলায় যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করা হয়।
এর আগে গত রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বন্দর উপজেলার কেওঢালা এলাকায় প্রাইভেট পড়ে বাসা ফেরার পথে এ অপহরণের ঘটনাটি ঘটে।
অপহরণ মামলার আসামীরা হলো, বন্দর উপজেলার জাঙ্গালস্থ কেওঢালা এলাকার গোলাম হোসেনের ছেলে রাফিন(১৯) তার বাবা গোলাম হোসেন, মা রুমি ও একই এলাকার জুলহাসের ছেলে মোঃ সাইদকে (২২)।
মামলার বাদী জাহাঙ্গীর জানান, তার মেয়ে নুসরাত জাহান (১৩) কাঁচপুরের একটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। স্কুলে যাওয়া আসার পথে জাঙ্গাল কেওঢালা এলাকার গোলাম হোসেনের ছেলে রাফিন মেয়ে কি উত্ত্যক্ত করত। সোমবার রাত আটটার দিকে প্রাইভেট পড়ে বাসায় আসার পথে রাফিন একটি সিএনজি অটোরিকশায় তুলে তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, স্কুল ছাত্রী অপহরণ মামলায় ২নং আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। সে সাথে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান অব্যহত রয়েছে।