শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:১৫, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফতুল্লায় মাছের বাজারে অভিযান চালিয়েছে সদর উপজেলা মৎস্য কার্যালয়। এ সময় প্রায় ২৫ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয় এবং নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে আব্দুছ সালাম (৬০) নামে এক মাছ বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভূঁইগড় বাসস্ট্যান্ড সংলগ্ন মাছের বাজারে এ অভিযান চালানো হয়। পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারীফ আল তাওহীদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ। জব্দ করা পিরানহা মাছ পরে একটি এতিমখানায় বিতরণ করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ভূঁইগড় বাসস্ট্যান্ডসংলগ্ন মাছের বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ এর সত্যতা নিশ্চিত করে জানান, পিরানহা মাছ দেশীয় জলজ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এ মাছের চাষ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এরকম অভিযান অব্যাহত থাকবে।