শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ফতুল্লায় সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাজু (৩৯), মো. সিয়াম (২২), মো. রাসেল বাবু (৩৫), জয় দাস (২৫), মো. মেহেদী হাসান (২১), মো. লিটন (৪২), মো. হুমায়ন আহম্মেদ (৪০), মো. দিন ইসলাম নয়ন (২১), মো. সুমন (২০), মো. সিফাত (২১), মো. হাসান জামিল (২১), মেহেদী হাসান মাহিন (২০), মো. জাহাঙ্গীর আলম (২৩), মো. অভি (১৭), মো. আব্দুল্লাহ (১৭) ও মো. ফেরদৌস (১৬)। তাদের মধ্যে কয়েকজন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার এবং অন্যরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তবে আরো কয়েকজন পালিয়ে যায়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ফতুল্লার ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ফতুল্লা মডেল থানা এলাকায় বিশেষ অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ইসদাইর ওসমানী পৌর স্টেডিয়ামের সামনে পাকা রাস্তায় নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে কয়েকজনের একত্রিত হওয়ার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই জহিরুল, এসআই মফিজ, এএসআই জহির, এএসআই জুয়েলসহ পুলিশের একটি দল অভিযান চালায়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, সরকারবিরোধী কর্মকাণ্ড ও অপরাধ সংঘটনের চেষ্টার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।