শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৮:২১, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৮, ২৬ সেপ্টেম্বর ২০২৬
বন্দরে নাসিক ২৫ নম্বর ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকা থেকে নরসিংদীতে পাওনা টাকা আনতে গিয়ে নুরুজ্জামান নামের এক যুবক রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকার শহিদুল্লা মিয়ার একমাত্র ছেলে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ‘
এই ঘটনায় নিখোঁজের পরিবারের পক্ষ থেকে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর ১৫২৪। পারিবারিক সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ‘সোহাগপুর টেক্সটাইল মিলে’ চাকরির পাশাপাশি পুরাতন জেনারেটর মেরামত ও ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। তার এক সময় সহকর্মী হিসেবে বিভিন্ন জেলার অনেকেই তার ব্যবসায়ীক অংশীদার ছিলেন।
তবে চাপা স্বভাবের এই যুবক তার এই ব্যবসা সম্পর্কে পরিবারকেও বিস্তারিত কিছু জানাননি বলে জানা যায়। গত বুধবার দুপুরে নুরুজ্জামান তার ব্যবসার পাওনা টাকা আনার উদ্দেশ্যে নরসিংদীর এক ব্যক্তির (তার ব্যবসায়ীক পার্টনার বলে জানা যায়) কাছে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন।
এরপর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে। দুই দিন ধরে স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
তার স্ত্রী, এক ছেলে রাকিবুল (১৬), দুই জমজ মেয়ে ইশরাত ও নুসরাত (১২) ও পিতা শহিদুল মিয়াসহ স্বজনদের দুশ্চিন্তায় ও শঙ্কার মধ্যে দিন কাটছে। এরই মধ্যে বিষয়টি এসআরবি-১১ (সাবেক র্যাব-১১) এর আদমজী অফিসে বিষয়টি অবগত করা হয়েছে বলে জানা গেছে। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বন্দর থানা-পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং যুবকের সন্ধানে প্রয়োজনীয় পুলিশি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত যুবকের সন্ধান পেয়ে থাকেন, তবে নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের নম্বর: ০১৬০৯২৬৩৫৭৫