শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০৫, ২৬ সেপ্টেম্বর ২০২৬
রূপগঞ্জে হাজী নুর উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় এর ৩৩ বছর পূর্তি উপলক্ষে নবিন ও প্রবীন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিন ব্যাপী উপজেলার বরপা এলাকায় স্কুল প্রাঙ্গণে আনন্দ, আড্ডা, আলোচনা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাদের পরিবারের সদস্যসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।এ পুনর্মিলনীকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গন সেজেছে বর্ণিল সাজে, আলোকমালায় উদ্ভাসিত গোটা এলাকা। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর পুরোনো বন্ধু, সহপাঠী ও প্রিয় শিক্ষকদের কাছে পেয়ে অনেকের মধ্যেই দেখা যায় আবেগ ও আনন্দের মিশ্র অনুভূতি।
মধ্য বয়সেও কৈশোরের প্রাণের সঞ্চরে মেতে উঠেন অনেকেই। দীর্ঘদিন পর তাদের সহপাঠীদের কাছে পেয়ে অন্যরকম আমেজে মেতে ওঠেন বিদ্যালয়ের সাবেক ছাত্র ছাত্রীরা। পুরাতন বন্ধু বান্ধবীদের দীর্ঘদিন পর একসঙ্গে পেয়ে বয়সের কথা ভুলে নেচে-গেয়ে কৈশোর জীবনে ফিরে যান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকারা। তারা প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা ও স্মৃতিচারণে অংশ নেন। এ সময় প্রাক্তন শিক্ষার্থীরা তাদের শিক্ষা ও জীবনের পথচলায় শিক্ষকদের অবদানের কথা স্মরণ করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, কবিতা, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। একসময় বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা এই প্রাঙ্গণে নিয়মিত ক্লাস করতেন, তারাই আবার বহু বছর পর একই মঞ্চে ফিরে এসে স্মৃতির পাতাকে যেন নতুন করে জীবন্ত করে তোলেন।
আয়োজকরা বলেন, একটি বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর শৈশব, কৈশোর, শিক্ষা, বন্ধুত্ব ও জীবনের অসংখ্য স্মৃতি। সেই স্মৃতিকে ধারণ করা এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও বর্তমান প্রজন্মের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতেই এ পুনর্মিলনীর আয়োজন।
দিনব্যাপী এ আয়োজনে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য, প্রতিষ্ঠাতা শিক্ষক, বর্তমান শিক্ষক-শিক্ষিকা এবং বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় প্রাঙ্গণ পরিণত হয় এক আনন্দঘন পরিবেশ।