শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গুসহ বিভিন্ন মশার প্রকোপ থেকে জনসাধারণকে সুরক্ষিত রাখতে মশক নিধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নাসিক ৭ নং ওয়ার্ড কদমতলী এলাকায় এমডাব্লিউ স্কুলের সামনে এই জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
৭ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. কাউছার আলম চৌধুরীর সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মাহমুদুল হাসান রাসেলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী মাওলানা আবদুল জব্বার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি এবং ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. জামাল হোসাইন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণের আমীর ও ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. কফিল আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ দক্ষিণের নায়েবে আমীর ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী প্রিন্সিপাল মো. আবদুল গফুর মোল্লা, সিদ্ধিরগঞ্জ দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. সাইফুল ইসলাম রনি, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও যুব বিভাগের সভাপতি মো. মোশারেফ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ রোধে প্রতিটি নাগরিককে নিজ দায়িত্বে সচেতন হতে হবে। বিশেষ করে জমে থাকা পানি ফেলে দেওয়া, পানির পাত্র ঢেকে রাখা এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব আরোপ করেন তারা।
সাধারণ মানুষকে ডেঙ্গুর হাত থেকে সুরক্ষায় এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।