নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে মারধর ও হত্যার হুমকি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে মারধর ও হত্যার হুমকি

সোনারগাঁয়ে মুদি দোকানের বাকি ও ধার দেওয়া টাকা ফেরত চাইতে গিয়ে নাহিদ প্রধান (৩১) নামে এক যুবককে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নাহিদ প্রধান বাদী হয়ে সোনারগাঁ থানায় চারজনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, সোনারগাঁয়ের কাঁচপুর খালপাড় এলাকার নাজমুল হক (৬০), তার দুই ছেলে হাবিজুর রহমান রানা (৩২), ওমর (২৫) এবং নাজমুলের স্ত্রী মমতাজ রানী (৪২)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নাহিদ প্রধান দীর্ঘদিন ধরে মুদি দোকানের ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযুক্তরা ২০২৪ সালের ১৭ নভেম্বর থেকে ২০২৬ সালের ১৬ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে মুদি মালামাল বাকিতে নেওয়া এবং ধার হিসেবে নগদ টাকা নিয়ে সর্বমোট ২ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা পাওনা রয়েছে।

নির্ধারিত সময় পার হলেও অভিযুক্তরা পাওনা টাকা পরিশোধ না করে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করতে থাকেন। পরে গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে নাহিদ প্রধান পাওনা টাকা চাইতে অভিযুক্তদের বাড়িতে গেলে, তারা সময় হলে টাকা পরিশোধ করবেন বলে জানান।

নাহিদ প্রধান দ্রুত পাওনা টাকা পরিশোধের অনুরোধ করলে বিবাদীরা তাকে অপমান-অপদস্থ ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এ সময় ২ নম্বর অভিযুক্ত হাবিজুর রহমান রানা টাকা নিয়ে বাড়াবাড়ি করলে তাকে খুন-জখমের হুমকি দেন বলেও অভিযোগ করেন নাহিদ।

পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেন। নাহিদের অভিযোগ, পাওনা টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে আরও হয়রানি ও ভোগান্তির মধ্যে ফেলার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন