নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে দুই ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি-হ্যান্ডকাফ উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:২৫, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে দুই ভুয়া র‍্যাব সদস্য গ্রেপ্তার, ওয়াকিটকি-হ্যান্ডকাফ উদ্ধার

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে তল্লাশি সময় দুই ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে র‍্যাবের পোশাক (কটি), ওয়াকিটকি, হ্যান্ডকাফ, ভুয়া আইডি কার্ড, পিস্তলের কভার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মহম্মদ আব্দুল বারিক।  এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর)  সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করে তাদের  গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝালকাঠি জেলার নলছিটি থানার রাজারবাগ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে মোঃ সোহেল (৩৫)। এবং গাজীপুর জেলার জয়দেবপুর থানার আমতলী এলাকার মোঃ হুমায়ুন কবিরের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ (৩০)। বর্তমানে সোহেল ঢাকার যাত্রাবাড়ী ও সাজ্জাদ দক্ষিণখান এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্র জানায়, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশে এবং সোনারগাঁ থানার ওসির তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) চন্দন”দে এর নেতৃত্বে একটি টিম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে। তল্লাশিকালে একটি মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি চালায়। 

পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে সামনে-পেছনে ‘জঅই’ লেখা ৪টি কালো কটি, ২টি ওয়াকিটকি, ১টি হ্যান্ডকাফ, ১টি পিস্তলের কভার, ১টি ভুয়া র‍্যাব আইডি কার্ড (আইডি নং- ৩৫০৪৫০), ভিকটিমদের হাত বাঁধার কাজে ব্যবহৃত ৯০টি প্লাস্টিকের টাইস, ১টি ঋত-১ মোটরসাইকেল এবং ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ভুয়া পরিচয় ও পোশাক ব্যবহার করে দীর্ঘদিন ধরে মহাসড়কসহ বিভিন্ন এলাকায় নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে স্বীকার করেছে। 

তাদের বিরুদ্ধে দণ্ডবিধি আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মহাসড়কে যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন